দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ৫ পুলিশ গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৭:৪৩

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী, এবং মাইক্রোবাসচালক মেহেদী হাসান।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আরএমপির গোয়েন্দা শাখার পাঁচ সদস্য  কর্তৃপক্ষকে না জানিয়ে ধুনট উপজেলায় এসে জুয়া খেলার অভিযোগে চৌকিবাড়ি ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রাব্বী ও জাহাঙ্গীর নামের দুই ফ্রিল্যান্সারকে আটক করে মাইক্রোবাসে তোলেন। পরে শেরপুর উপজেলার মির্জাপুরে গাড়ি থামিয়ে তাদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর-কষাকষি করে নগদ ২ লাখ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেন।

বগুড়া জেলা পুলিশ ঘটনাটি জানতে পেরে শেরপুর ও শাজাহানপুর থানা এলাকায় মাইক্রোবাসটি আটক করার চেষ্টা করেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় গাড়িটি আটক করা হয়। এতে থাকা পাঁচজন নিজেদের আরএমপির গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দেন। পরে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা কাউকে না জানিয়ে অসৎ উদ্দেশ্যে বগুড়ায় এসেছিলেন। এরপর তাদের আটক এবং মুক্তিপণ হিসেবে নেওয়া নগদ ২ লাখ টাকা ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

মূলত ধুনট উপজেলার বাসিন্দা ওয়াহাব নামের একজন কনস্টেবল আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত। তিনি ছুটি নিয়ে দুই দিন আগে বাড়িতে আসেন। তার তথ্যমতেই রাজশাহী থেকে পাঁচজন ধুনটে আসেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। হাইওয়ে পুলিশ তাদের ধুনট থানায় হস্তান্তর করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর- ধুনট সার্কেল) সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে বলেন,  কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা রোববার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে পাঁচজনকে আটক করেন। সেই সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের চালককেও আটক করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি