প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষকাল সফরে আজ শুক্রবার যুক্তরাজ্য যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সফরকালে ইউরোপে নিযুক্ত দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে তিনি যোগ দেবেন। আগামীকাল শনিবার লন্ডনে এই দূত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে—সেই আলোচনাই প্রাধান্য পাবে। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হবে।
এর আগে ঢাকায় দূত সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা যোগ দিয়েছিলেন। এবারই ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের লন্ডনে প্রথমবারের মতো এই দূত সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, উজবেকিস্তানে নিযুক্ত দূতেরা অংশ নেবেন সেখানে। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
