জিম্বাবুয়েকে বহিষ্কার করেছে আইসিসি

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:২৪

ব্যাপক দুর্নীতির অভিযোগে নবম টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে না দেশটির কোনো ক্রিকেট দল। দেশটির ক্রিকেট ও ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি) রাজনীতির ব্যাপকভাবে বিস্তার করায় আইসিসিও অসন্তুষ্ট হয়। বিশ্বকাপ শেষ করে ইংল্যান্ডের লন্ডনে আইসিসির কর্তাদের নিয়ে বিভিন্ন দেশের বোর্ড কর্তারা বসেছেন বার্ষিক সভায়। সেখানেই জিম্বাবুয়েকে সাময়িক নিষিদ্ধ বা বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অর্থাভাবে কিছুদিন আগে নারী দলের সফর স্থগিত করেছে। বোর্ডটির আর্থিক অনটন এতই প্রকট যে, খেলোয়াড়দের দেশের বাইরে পাঠানোর জন্য বিমানের টিকিট কাটার অর্থও নেই। আইসিসি থেকে প্রতি বছর ৯ মিলিয়ন ডলার করে পেলেও দেশটির সাবেক ক্রিকেট কর্তারা সব লুট করেন বলে অভিযোগ আছে। এ কারণেই এবার শক্ত অবস্থানে গেল আইসিসিও। রাজনীতির হস্তক্ষেপের অভিযোগে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হওয়ায় আইসিসির বৈশ্বিক আসরে অংশ নেয়াও অনিশ্চিত হয়ে পড়ল। যদিও চালিয়ে যেতে পারবে এফটিপিতে নির্ধারিত দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সিরিজগুলো।

উল্লেখ্য, জিম্বাবুয়ে ছাড়াও সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ক্রোয়েশিয়া ও জাম্বিয়াকে। এছাড়া মরক্কোকে আইসিসি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে।