কয়েদির সাজে সংবাদ সম্মেলনে আফরান নিশো

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:৩৯

লম্বা চুল, মুখভর্তি দাড়ি, হাতে হাতকড়া, পড়নে কয়েদির পোশাক, হাতে হাতকড়া এইভাবেই পুলিশের গাড়িতে আফরান নিশোকে নেওয়া হচ্ছে রাজধানীর গুলশানে। প্রথম দেখায় মনে হতে পারে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি আসলে তার আসন্ন সিনেমা 'দাগি'-র প্রচারণার অংশ।

ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে 'দাগি'। সিনেমার প্রচারণায় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানেই কয়েদির পোশাকে হাজির হন নিশো। 

এই সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা শিহাব শাহীন, অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, মনিরা মিঠুসহ অনেকে।

সিনেমার নির্মাতা শিহাব শাহীন জানান, 'দাগি' সিনেমাটি  ভালোবাসা, বিরহ ও অনুশোচনার গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূল চরিত্র নিশান ও জেরিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই গল্পের মূল আকর্ষণ। একই সঙ্গে এতে কারাগারের জীবন ও ক্ষমার গুরুত্বকেও ফুটিয়ে তোলা হয়েছে। তাই আমরা বলছি, 'দাগি' মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।   

নিজের ব্যতিক্রমী উপস্থিতি নিয়ে নিশো বলেন, 'এটি শুধুই প্রচারণার অংশ। আন্তর্জাতিকভাবে সিনেমার প্রচারে এমন আয়োজন নতুন কিছু নয়। কেউ এটি ইতিবাচকভাবে নেবেন, কেউ নেতিবাচকভাবে, সেটি নির্ভর করছে প্রচার মাধ্যমের উপস্থাপনার ওপর।'    

সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় শুটিং হওয়া 'দাগি'-তে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু ও এ কে আজাদ সেতু। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

এছাড়া, সিনেমার টাইটেল গান গেয়েছেন আফরান নিশো। বুধবার প্রকাশিত এই গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। গানে নিশোর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিধি। 

এইবার ঈদে মুক্তি পাচ্ছে  আরফান নিশোর অভিনীত 'দাগী' সিনেমাটি, এখন দেখার পালা সিনেমাটি দর্শকদের মন কতটা জয় করতে পারে।

ইত্তেফাক/এএস/এএইচপি