মাছ ধরা নিয়ে বাংলাদেশিকে পিটিয়ে আহত করল ভারতীয়রা

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১০:২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক মাদব চন্দ্রকে (৪০) পিটিয়ে আহত করেছেন ভারতীয়রা। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মাদব চন্দ্র ওই এলাকার মৃত মদন মোহন এর ছেলে।

স্থানীয়রা জানান, সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে আহত মাদব চন্দ্র । কিন্তু প্রতিদিন ওই টেপাই এর মাছ ভারতীয় নাগরিকরা চুরি করে নিয়ে যায়। শনিবার সকাল ১১টা নাগাদ মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে। এই ঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করলে মাদব চন্দ্র অজ্ঞান হয়ে পরেন। এরপরে পরিবারের লোক ও স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্যে সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।

বিজিবি ব্যাটালিয়নের (সিইও) লে. কর্নেল মেহেদি বলেন, লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়। 

তিনি আরও জানান, আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তেও বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

ইত্তেফাক/এএস/এএইচপি