কুমিল্লার মনোহরগঞ্জে ঈদুল ফিতরের আগেরদিন বিকালে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে আসবাবপত্রসহ সকল মালামালসহ ৫ দোকান। রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নাথেরপেটুয়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
সরেজমিন গিয়ে জানা গেছে, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসায়ীরা কর্মচারীদের বেতনভাতা ও ঈদ বোনাস দিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতী নিচ্ছিলেন। এরইমধ্যে বিকাল প্রায় সাড়ে তিনটার দিকে নাথেরপেটুয়া বাজারে হিরা ট্রেডার্স এর গোডাউনে আগুন লাগে। এ সময় গোডাউনে থাকা অর্ধশতাধিক সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিক ছড়িয়ে পড়ে।
এ সময় পাশে থাকা মোল্লা ট্রেডার্স, মায়ের দোয়া ইঞ্জনিয়ারিং ওয়ার্কসপ, সাদ্দাম ওয়ার্কসপ ও মান্নান কুটিরশিল্পে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস মনোহরগঞ্জের দুইটি ও সোনাইমুড়ির একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
হিরা ট্রেডার্সের সত্ত্বাধীকারি মাহবুব আলম বলেন, আগুন লাগার পূর্বমুহুর্তে গুদামঘরটি বন্ধ ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। গুদামঘরে ঈদ উপলক্ষে ড্রাম ও বোতলজাত সয়াবিন তেল, গোখাদ্য, সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী রাখা ছিল। সিলিন্ডার বিস্ফোরনের বিষয়টি সঠিক নয় দাবী করে তিনি জানান অর্ধশতাধিক গ্যাস সিলিন্ডার এর খালি বোতল ওই গুদামঘরে রাখা ছিল। সব আগুনে পুড়ে যায়।
আগুন লাগার পর নাথেরপেটুয়া লক্ষণপুর সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে অবস্থান নিলে ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মায়ের দোয়া ইঞ্জনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্তাধিকারী হুমায়ন কবির জানান আগুন লাগার ৫ মিনিট আগে কাস্টমার সার্ভিসে যান তিনি। খবর পেয়ে সেখান থেকে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে।
তিনি জানান, দোকানে থাকা বিক্রির জন্য তৈরী করা প্রায় ৭টি আলমিরা, এ্যালমিনিয়াম শিট, থাইগ্লাস ও কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ দোকানের সকল আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
