ঈদের দিনে জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৯:১৬

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঈদের দিনেই পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। নিহত নয়ন মিয়ার (১৩) বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ঈদের দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান নয়ন মিয়া। বেলা দেড়টায় নয়ন মিয়াসহ কয়েকজন বন্ধু মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। পরে টুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চলমান ঈদের ছুটিতে সাতার না জানা পর্যটকদের নদীতে না নামার ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

ইত্তেফাক/এপি