সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দুয়ারাবাজারে মাছ ধরার জন্য অবৈধভাবে অনুপ্রবেশের পর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে সারভেস মারাখ (২৮) নামের ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নে টেবলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সারভেস মারাখ ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা গবিন মারাখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ওই এলাকার একটি ছড়ায় মাছ ধরার জন্য অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক সারভেস মারাখ। ওই ছড়ার পাশের ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন স্থানীয় কৃষক বশির আহমেদ। সেই ফাঁদেই বিদ্যুৎপৃষ্ট হয়ে সারভেস মারাখের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ওসি তদন্ত সামছ উদ্দিন বলেন, ভারতীয় ওই নাগরিক মাছ ধরার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পরে ইঁদুর জন্য পাতা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
