সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামে শহীদ সিরাজ লেকের অবস্থান। এটি নীলাদ্রি লেক নামেও পরিচিত। এই লেকটি মূলত চুনাপাথরের পরিত্যক্ত খনি। ভারতের সীমান্তের খুব কাছেই অবস্থিত লেকটির চারপাশ ঘিরে আছে উঁচু-নিচু পাহাড় ও টিলা। যা এখানকার প্রকৃতিকে আরও মনোরম করেছে। লেকের চমত্কার নীল পানি, আর তাতে বিম্বিত আকাশ মিলেমিশে অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। এই সৌন্দর্য থেকে অনেকেই জায়গাটিকে ‘বাংলাদেশের কাশ্মির’ নামে ডাকেন।
নীলাদ্রী লেকের কাছাকাছি আরও কিছু দর্শনীয় স্থান হলো জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেক টিলা ও টাঙ্গুয়ার হাওড়। দূরত্ব কাছাকাছি হওয়ায় সময় ভাগ করে নিলে একসঙ্গে অনেকগুলো জায়গা উপভোগ করা যায়। যেভাবে যাবেন :প্রতিদিন ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাসে সরাসরি সুনামগঞ্জে যাওয়া যায়। মহাখালী থেকে যায় এনা পরিবহনের বাস। এসব নন-এসি বাসে জনপ্রতি টিকিট ৫৫০ টাকা। প্রায় ছয় থেকে সাত ঘণ্টা সময়ে সুনামগঞ্জে পৌঁছে শহরের প্রবেশমুখে আব্দুজ জহুর সেতুর ওপর থেকে টেকেরঘাট যেতে হয়। মোটরবাইক বা লেগুনা ভাড়া করে প্রথমে বিন্নাকুলি বাজার যেতে হয়, সেখান থেকে নৌকায় জাদুকাটা নদী পার হয়ে বারেকের টিলা, শিমুল বাগান ও নীলাদ্রি লেকে যাওয়া যায়। আসা-যাওয়া মিলিয়ে মোটরবাইকের ভাড়া পড়বে সর্বনিম্ন ৪০০ থেকে সর্বোচ্চ হাজারখানেক টাকা।
