মিয়ানমারে মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে, জীবিত উদ্ধার আরও ৪ জন

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:১৮

ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। সোমবার (৩১ মার্চ) মিয়ানমারে ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে থাইল্যান্ডের বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে মিলেছে প্রাণের স্পন্দন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মিয়ানমারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির এক প্রতিনিধি জানিয়েছেন, উদ্ধারকাজের জন্য সবজায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে। নিরাপত্তা সংক্রান্ত নানা বাধার কারণে ফ্রন্টলাইন এলাকাগুলোতে পৌঁছানো কঠিন।

চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে থাকা মান্দালয়েও ধসে পড়া ভবনগুলো থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারী ও একটি মেয়েও রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা যায়, লাল হেলমেট পরা চীনা উদ্ধারকর্মীরা মান্দালয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনকে জীবিত ব্যক্তিকে উদ্ধার করে বের করে আনছেন। তাকে একটি বিশেষ কম্বলে মুড়ে ধ্বংসস্তুপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, ভূমিকম্পের পরও সামরিক বাহিনী গ্রামগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ত্রাণ কার্যক্রমের স্বার্থে দেশটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৬৫-তে পৌঁছেছে বলে জানিয়েছে, আহতের সংখ্যা বলেছে প্রায় ৪ হাজার, নিখোঁজ ২৭০ জন। এদিন সামরিক জান্তা এক সপ্তাহের জাতীয় শোকও ঘোষণা করেছে।

এদিকে মিয়ানমারের জান্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল মৃতের সংখ্যা ২ হাজার ২৮ জানিয়েছে।


মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্কও করেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের এক হিসাবে কেবল মিয়ানমারেই মৃত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

ভূমিকম্পের ধাক্কা লাগা ব্যাংককে সোমবার ধসে পড়া একটি নির্মাণাধীন বহুতল ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসে ১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, দেশজুড়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এখনও নিখোঁজ ৭৫ জন।

এখানে উদ্ধারকারীরা স্ক্যানিং মেশিন ও প্রশিক্ষিত কুকুরের সাহায্যে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।

ইত্তেফাক/এএইচপি