ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা সড়ক। সেই ফাঁকা সড়কে মোটরসাইকেল নিয়ে রেসে মেতে উঠেছিলেন দুই কিশোর। কিন্ত এক মোটরসাইকেলের সঙ্গে অন্যটির সংঘর্ষেই প্রাণ ঝরে যায় দুজনের।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ট্যাক্সেরহাট পেট্রোলপাম্প নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এতে নিহত হন উপজেলার মধুপুর ইউপির ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে আশিক রহমান (১৪)। নিহত অন্য কিশোরের পরিচয় এখনও জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে দুইটি মোটরসাইকেলে করে ৪ কিশোর বদরগঞ্জ হতে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে দুই মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা শুরু করে তারা। মোটর সাইকেলে দুটি ট্যাক্সেরহাটের পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অন্যটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই কিশোর গুরুতর আহন হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবা সুলতানা জানান, দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এটিএম আতিকুর রহমান, মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
