মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, ক্রুদের সঙ্গে ঝগড়া

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২১:১৫

ইন্দোনেশিয়া থেকে ভারত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী একটি বিমানের দরজা জোর করে খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। সেই সঙ্গে তিনি বিমানের কর্মীদের সঙ্গে ঝগড়া করেন। পরে বিমানটি ঘুরিয়ে নিয়ে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।

বিমান সংস্থা জেটস্টারের বরাতে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (১ মার্চ) বালি থেকে মেলবোর্নগামী ২০০ জনেরও বেশি যাত্রী বহনকারী বিমানটি এক ঘণ্টা ওড়ার পর এ ঘটনা ঘটে।

বিমান সংস্থাটি বিবৃতিতে বলেছে, গত রাতে আমাদের একটি বিমান ডেনপাসারে (বালির বিমানবন্দর) ফিরে আসে। একজন বিঘ্নিত যাত্রী বিমানের একটি দরজা খোলার চেষ্টা করেন এবং আমাদের ক্রুদের সাথে দুর্ব্যবহার করেন। পরে কর্তৃপক্ষ বিমান থেকে ওই যাত্রীকে সরিয়ে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের গ্রাহক ও ক্রুদের নিরাপত্তা এবং কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তারা যেভাবে পরিস্থিতি মোকাবেলায় সাড়া দিয়েছে, এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমাদের ফ্লাইটে এই ধরণের অগ্রহণযোগ্য আচরণ কখনই সহ্য করা হবে না।

অতীতেও ফ্লাইটে যাত্রীদের এমন অবাধ্যতার ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে, জরুরি বহির্গমন পথ খুলে ফেলা, বিমান পরিচারকদের আঘাত করা, বিমানের ক্রুদের ওপর ঘুষি মারা। কিন্তু বিমান কর্তৃপক্ষ এসব ঘটনার পর কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

২০২৩ সালে অবতরণের ঠিক আগে এশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমানের জরুরি দরজা খুলে এক ব্যক্তি পুলিশকে জানান, তার দম বন্ধ হয়ে যাচ্ছেন, দ্রুত বিমান থেকে নেমে যেতে চান।

ইত্তেফাক/এসকে