দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন। এর জেরে দেশটির সাংবিধানিক আদালত এই রায় দিলো।
আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুন হিউং-বে রায় ঘোষণার শুরুতেই বলেন, প্রেসিডেন্ট ইউনকে অপসারণের ‘যথেষ্ট কারণ’ রয়েছে।
আল জাজিরা বলছে, গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেন। সেইসময় তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারে অনুপ্রবেশ করেছে।
কিন্তু দেশটির জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন যে তৎকালীন প্রেসিডেন্ট ইউন তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের আটক করতে এবং তার সামরিক শাসনের আদেশ প্রত্যাহারের জন্য সংসদকে ভোটদান থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছিলেন।
গত ১৪ ডিসেম্বর দেশটির জাতীয় পরিষদ ইউনকে অভিশংসনের পক্ষে ভোট দেয়। কিন্তু তার অপসারণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার সাংবিধানিক আদালতের অনুমোদন দরকার ছিল। অবশেষে শুক্রবার এটি কার্যকর হলো।
আল জাজিরা বলছে, এখন দেশটিকে আগামী দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সেই সময় পর্যন্ত তার এই পদে দায়িত্বে থাকবেন।
