মিয়ানমারে সশস্ত্র বাহিনীর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০৪

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত ও আহত হয়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি ও রাস্তাঘাট। এখনো অনেক মানুষ ভেঙ্গে পড়া বাড়িতে আটকে রয়েছেন। এই পরিস্থিতিতে চিকিৎসা ও উদ্ধার অভিযানের জন্য বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর একটি একটি টিম পাঠায়। দলটি এখনো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।   

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃবিতে বলা হয়, গত ২৮ মার্চ মিয়ানমারে ভূমিকম্প সংঘটিত হয়। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বিবৃবিতে আরও বলা হয়, বৃহস্পতিবার অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে এবং একটি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও, আজ বাংলাদেশ উদ্ধারকারী দলের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

অপরদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডো শহরের ৫০ শয্যা বিশিষ্ট যবুথিরি ও ১০০ শয্যা বিশিষ্ট লিওয়ে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে। শুক্রবার বাংলাদেশ উদ্ধারকারী দল পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যসেবা অব্যাহত রাখবে।

ইত্তেফাক/কেএইচ