মানিকগঞ্জ সদর উপজেলা এসির কার্টুনে বন্দী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কার্টুনে মোড়ানো মরদেহটি ফেলে রেখে যায় অজ্ঞাতরা।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী। এরপর পুলিশের খবর দিলে দুপুর ২ টার দিকে এই কার্টুনবন্দী মরদেহটি উদ্ধার করা হয়।
পুটাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকলে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টুনের বাক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাশে রাখতে বলি। তখন কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা (পুলিশ) এসে কার্টুন খুলে মাঝ বয়সী নারীর মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
