মৃত্যুকূপে বসবাস

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৩৬

কামাল আহম্মেদ রনজু

 

গত ১৩ জুলাই চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। এর আগে ৮ জুলাই কাপ্তাইয়ে শিশুসহ দুজন মারা যায়। গত দেড় যুগ ধরে বাংলাদেশে পাহাড় ধসে নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। নয় বছরে পাহাড় ধসে ২৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ঝুঁকিতে রয়েছে পাহাড়ে বসবাসকারী দুই লাখ রোহিঙ্গা। পরিবেশ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৩০টি পাহাড়। এসব পাহাড়ে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসবাস। লাখ টাকায় বিক্রি হয় মৃত্যুকূপের এসব বসতি। স্থানীয় প্রভাবশালীরা পাহাড় কেটে বসতি গড়ে তুলছে। প্রশাসনের নির্দেশের পরও পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসের প্রবণতা কমছে না। তাহলে কি প্রশাসনের চেয়ে শক্তিশালী  প্রভাবশালীরা? এভাবে আর কত প্রাণহানির ঘটনা ঘটবে? এ থেকে উত্তরণের পথ কোথায়? তাহলে কি মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে? এখনো সময় আছে লাগাম টেনে ধরার। নতুবা মৃত্যুর মিছিল থামানো যাবে না।

বর্ষা এলেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কাপ্তাই এলাকার পাহাড় ধস শুরু হয়। পাহাড়ে বসবাসকারীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। এবারও চলছে মুষলধারে বৃষ্টি। শুরু হয়েছে পাহাড় ধস। গত কয়েকদিনে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকাও করা হয়েছে বেশ কয়েকবার। তালিকা করা হয়েছে বসবাসকারীদের নাম-ঠিকানা। তারপরও থেমে নেই পাহাড় দখল। স্থানীয় প্রভাবশালীরা এসব পাহাড় দখল করে বিক্রি করে দিচ্ছে। কার ইশারায় প্রভাবশালীরা এমন সাহস দেখাচ্ছে? যেখানে প্রশাসন হুঁশিয়ারি দিচ্ছে, সেখানে প্রভাবশালীরা বেপোরোয়া! এ মৃত্যুর মিছিল থামাতে হলে লাগাম টেনে ধরার এখনই উপযুক্ত সময়। ছোটকালে বাপ-দাদার কাছে শুনতাম, ‘বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশে ছুঁলে বত্রিশ ঘা।’ এখন আর তেমনটা নেই। পুলিশ-প্রশাসন তত্পর হলে পাহাড়ে বসবাস ঠেকানো কঠিন কিছু নয় বলে মনে করি। কথায় বলে, সর্ষের ভেতর যদি ভূত থাকে তাহলে ভূতকে খুঁজে পাওয়া মুশকিল। এখন প্রশাসনের মধ্যে ভূত থাকলে পাহাড় কিভাবে রক্ষা হবে? আর মানুষকেইবা মৃত্যুর দুয়ার থেকে কিভাবে ফিরিয়ে আনা যাবে? চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, কাপ্তাই, রাঙামাটির পাহাড় রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে হলে লোভের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ভাবতে হবে—পাহাড়-মানুষ দুই-ই আমাদের সম্পদ। এদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

নারায়ণগঞ্জ