বাড়ছে

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৩৯

আলম তালুকদার

 

বাড়ছে অনেক বাড়ছে

কেউবা বলে এমন বাড়ায়

দেশের শান্তি কাড়ছে!

আগ বাড়িয়ে কেউবা বলে

মারছে আমায় মারছে

এমন বাড়ায় আর কিছু না

শ্রেয় নীতি হারছে!

বাড়ছে অনেক বাড়ছে

চারিদিকে সকল কিছুই

এমন বাড়া বাড়ছে

লোভের বশে নিজের লাশটা

নিজে নিজেই গাড়ছে!

 

পারছে সবাই পারছে

ঘরে বসেই আঙুল দিয়ে

অনেক কিছুই পারছে

গোটা বিশ্ব তালুবন্দি

আয়েশ করে নাড়ছে

অনেক জনের তেলেসমাতি

কামাই রুজিও বাড়ছে

সুযোগ সুযোগ মহাসুযোগ

দুর্বলেরে মারছে!

 

সবই কিন্তু বাড়ছে

এমন বাড়াই বাড়ছে

বাড়াবাড়ি যারা থামায়

তারাও আরো বাড়ছে!