‘স্কুইড গেম’ সিরিজে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেতা ও ইয়াং সু। এদিকে, ২০২২ সালের নভেম্বরে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন এক নারী। এবার দোষী প্রমাণিত হওয়ায় অভিনেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৮০ বছর বয়সী এই বৃদ্ধকে প্রথমে দুই বছরের প্রবেশনকালসহ ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি আদালত এক রায়ের মাধ্যমে তার সাজা বাড়িয়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
ও ইয়াং সুর বিরুদ্ধে দুটি পৃথক অনুষ্ঠানে একজন নারীকে জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগ বরাবরই তিনি অস্বীকার করে এসেছেন।
আদালতের রায়ের পর গণমাধ্যমে অভিনেতা জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। পাশাপাশি এ-ও দাবি করেন, অভিযোগকারীর কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। বিষয়টি বেশি দূর গড়াক এমনটা তিনি চাননি, যদিও আইনের কাছে কোনো অনুরোধই খাটেনি অভিনেতার।
প্রসঙ্গত, প্রায় পাঁচ দশক ধরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ও ইয়াং সু। তবে তার দীর্ঘ ক্যারিয়ারে এই বিতর্কিত ঘটনা অনেককে অবাক করেছে। শেষ পর্যন্ত আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আর এই সাজাপ্রাপ্তির ফলে বিভিন্ন প্রজেক্ট থেকেও ছিটকে পড়ছেন তিনি।
