সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোভ্যানে থাকা আরো ৩ জন যাত্রী।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী পল্লী বিদুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১১)। অন্যজন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৬)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা গেছেন মোতালেব হোসেন (৫৫)। তিনি ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোভ্যানটি ভুইয়াগাঁতী থেকে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হয়।
অটোভ্যানে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
