নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহার

ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছসহ জলজ প্রাণী

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৪৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

বন্যা-পরবর্তী নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহার হুমকির মুখে ফেলেছে মত্স্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্যকে। সম্প্রতি টানা বর্ষণে ও পাহাড়ি ঢল  নেমে ধলাই নদীর ভাঙনের পর বন্যায় প্লাবিত হয় কমলগঞ্জ। এক সপ্তাহ ধরে বন্যার পানি নামতে থাকলেও নিম্নাঞ্চলে এখনো জলাবদ্ধতা রয়েছে। এরই মধ্যে ১৭ জুলাই থেকে মত্স্য সপ্তাহ শুরু হলেও কর্তৃপক্ষের নাকের ডগায় স্থানীয় অসাধু শিকারি চক্র কেওলার হাওরসহ বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করায় মত্স্য সম্পদসহ জলজ প্রাণি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগে ও অনুসন্ধানে জানা যায়, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে নদীভাঙনে বন্যা-পরবর্তী উপজেলার নিম্নাঞ্চল শমশেরনগর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়ন এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে অবস্থিত কেওলার হাওর, করাইয়াসহ বিভিন্ন জলাশয় ব্যাপক হারে নিষিদ্ধ কারেন্ট জালে সয়লাব হয়ে পড়ছে। বন্যা আসার সঙ্গে সঙ্গে উপজেলার শমশেরনগর বাজারে দেদারসে কারেন্ট জাল বিক্রি হলেও কর্তৃপক্ষ নির্বিকার।