চলনবিলে অবাধে পোনা মাছ নিধন

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৫৭

দেদার বিক্রি হচ্ছে কারেন্ট জাল

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। একইসাথে পোনা মাছ নিধনের উত্সব শুরু হয়েছে। বড় বড় হাটে দেদার কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে। এসব জাল কিনে নিয়ে মত্স্য শিকারিরা মা মাছ ও পোনা মাছ নিধন করছেন।

দেশের মিঠা পানির সবচেয়ে বড় জলাভূমি চলনবিল। ইতিমধ্যে বড়াল ও গুমানি নদীপথে প্রবেশ করে বিলের পানিতে টাকি, বোয়াল, টেংরা, পুঁটি, বাতাসি, রায়েক, চেলা, মোয়া, চাটা খইলসা, বাড়ি খইলসাসহ হরেক মাছ প্রজনন শুরু করেছে। বিলের মুক্ত জলাশয় ও খাল-নালায় ডিম ছাড়তে শুরু করেছে মাছগুলো। চলনবিলের চাটমোহর অংশে স্থানীয় মত্স্য শিকারিদের পাশাপাশি এলাকার মত্স্য শিকারিরা রাতভর মা মাছ ও পোনা মাছ শিকার করছে। এ প্রসঙ্গে চাটমোহর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মা মাছ ও পোনা নিধন বন্ধে প্রশাসনিক তত্পরতা বৃদ্ধি করা হয়েছে। মত্স্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পোনা মাছ নিধন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, কারেন্ট জাল বিক্রি বন্ধে প্রতিটি হাটেই অভিযান পরিচালনা করা হবে। পোনা মাছ নিধন রোধে গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার করা হচ্ছে। এরপরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।