দুধ ও দুগ্ধজাত পণ্যের গুণগত মান নির্ণয়ে বাকৃবিতে টাস্কফোর্স

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০০

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা

দুধ ও দুগ্ধজাত পণ্যের গুণগত মান নির্ণয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসানের নির্দেশক্রমে ওই টাস্কফোর্স গঠন করা হয়। গঠিত টাস্কফোর্স দুধ ও দুগ্ধজাত পণ্য উত্পাদনকারী দেশের বিভিন্ন খামার, প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থান থেকে দুধ ও দুগ্ধজাত পণ্যের নমুনা সংগ্রহ করে এর গুণগত মান নির্ণয়, অতি দ্রুত গবেষণালব্ধ ফলাফল সংবলিত একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল এবং প্রাসঙ্গিক একটি সুপারিশ প্রদান করবে। ওই গবেষণা কার্যক্রমের প্রয়োজনীয় ব্যয়ভার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) জরুরি খাত থেকে সরবরাহ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয় এবং সদস্য-সচিব করা হয় ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামকে।