নাইক্ষ্যংছড়িতে আবারও মাইন বিস্ফোরণে পা হারালেন একজন 

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার সীমান্তে মাইন বিস্ফোরণে একজনের পা উড়ে গেছে। এই নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে  পা হারিয়েছেন ৭ জন।

নাইক্ষ্যংছড়ির স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে আশারতলী সীমান্তের ৪৬ ও ৪৭ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামের একজনের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। 

পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা কক্সবাজারের হাসপাতালে পাঠিয়ে দেন। মো. তৈয়ব নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী ৭ নম্বর ওয়ার্ডের কমবনিয়াপাড়ার ছাবের আহমেদের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা, জামছড়ি ও আশারতলীতে ছয়টি মাইন বিস্ফোরণের ঘটনায় সাতজন পা হারিয়েছেন। সাতজনেরই বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ উড়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানিয়েছেন, সব কটি মাইন বিস্ফোরণের ঘটনা শূন্যরেখা থেকে ৩০০–৪০০ মিটার মিয়ানমারের ভূখণ্ডের অভ্যন্তরে ঘটেছে। আজ মো. তৈয়বও ৩০০ থেকে ৪০০ মিটারের ভেতরে গিয়ে আহত হয়েছেন। 

ইত্তেফাক/এসএএস