সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া কাঁদানে গ্যাসের শেল উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া ১২টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকা থেকে গ্যাসের শেলগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান।

পুলিশ জানায়, দুপুরে ধোপাকান্দি এলাকার সরস্বতী নদীতে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তারা ব্যাগটি খুললে গ্যাসের শেলগুলো দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ সেগুলো উদ্ধার করে।

সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান বলেন, কাঁদানে গ্যাসের শেলগুলো জব্দ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে কাঁদানে গ্যাসের শেলগুলো লুট করা হয়েছিল।

ইত্তেফাক/এসএএস