মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে ত্রাণ সংকট দেখা দিয়েছে। বন্যাদুর্গতরা যে পরিমাণ ত্রাণ পাওয়ার কথা তা নেই। এতে বানভাসীদের দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।
উপজেলার ১১টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় পানি প্রবেশ করেছে। মেলান্দহ সদরের সঙ্গে ইউনিয়ন সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুরমুঠ রেল স্টেশন পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি তিন শতাধিক গ্রামবাসী বাড়িঘর ছেড়ে গবাদিপশু নিয়ে রাস্তা-ব্রিজ, বাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, রেল স্টেশনে আশ্রয় নিয়েছে। কোথাও ত্রাণ বিতরণ করতে দেখা যাচ্ছে না। বন্যাদুর্গত মানুষ ও গবাদিপশু খাদ্য পানীয় সংকটে পড়েছে।
নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানিয়েছেন, এ পর্যন্ত কোনো ত্রাণ বরাদ্দ পাননি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, বন্যাদুর্গতদের জন্য ১ লাখ ১০ হাজার টাকা এবং ৬৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এই ত্রাণ পর্যাপ্ত নয়। ত্রাণ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
