স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর বাগমারায় ছয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে হচ্ছে উপজেলার সূর্যপাড়া গ্রামের আতিকুর রহমান মিঠুনের ছেলে মিজান (৬)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানের মা ফিরোজা বেগম বলেন, ঐদিন রাতের খাবার খেয়ে তারা একই ঘরে ঘুমান। গরমের কারণে ঘরের দরজা খোলা রাখেন। গভীর রাতে মিজানের চিত্কারে ঘুম ভেঙে যায়। এ সময় তারা তার গলা থেকে রক্ত বের হতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ও পরে রামেক হাসপাতালে পাঠানো হয়।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম বলেন, কাচ পড়ে মিজানের গলা সামান্য কেটে গেছে। এটি শুধুই গুজব ছড়ানো ছাড়া আর কিছুই নয়। শিশুদের গলা কাটা, মাথা কাটার বিষয়ে আতঙ্কিত না হতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।
বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘরের ভেতরে থাকা ড্রেসিং টেবিলের কাচ ভেঙে শিশুর গলায় ক্ষত হয়েছে। এছাড়া পারিবারিক কোনো সমস্যাও থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশুটির মা ফিরোজা দাবি করেন, মিজানের গলা থেকে রক্ত বের হওয়া দেখে তাদের ব্যস্ততার কারণে ড্রেসিং টেবিলের কাচ ভেঙেছে।
