ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারীকে গণপিটুনি

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৫

 বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ছেলেধরা সন্দেহে রোকেয়া (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে গণপিটুনি দিয়েছে জনতা। আহত অবস্থায় পুলিশ ঐ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের লেমুঝিরি আগাপাড়া এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা ঐ নারীকে ধাওয়া করে আটকিয়ে গণপিটুনি দেয়। স্থানীয় বাসিন্দা উজ্জল তঞ্চঙ্গ্যা বলেন, রোহিঙ্গা নারীটি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে এসেছে। তার সঙ্গে আরো চার জন রয়েছে বলে রোহিঙ্গা নারী গণপিটুনির সময় এলাকাবাসীর কাছে স্বীকার করেছে। ঘটনাটি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গণপিটুনিতে আহত নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বিষয় নিশ্চিত হওয়া যাবে।

নাইক্ষ্যংছড়িতে মাদক ব্যবসায়ী আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১ হাজার দেশিয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে চোলাই মদের একটি চালান পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে জব্দ করেছে। এ সময় হেলালউদ্দিন (২২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক যুবক সোনাইছড়ি ইউনিয়নের নন্নাকাটা গ্রামের মোস্তাক আহমদের ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনাটি  নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।