কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
এক চা-শ্রমিককে মারধরের প্রতিবাদে কমলগঞ্জের ন্যাশনাল টি কোম্পানির পাত্রখোলা চা-বাগানে দুই দল চা-শ্রমিকের মধ্যে সংঘর্ষে দুজন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পাত্রখোলা চা-বাগানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।
পাত্রখোলা চা-বাগান পঞ্চায়েত সভাপতি শিপন চক্রবর্তী বলেন, ‘লাইন পাহারাদারকে নিয়ে ঝগড়াঝাটি হয়েছে বলে শুনতে পেয়েছি।’ পাত্রখোলা চা-বাগান ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, একটি অভিযোগ নিয়ে সকালে কিছু চা-শ্রমিক তার কাছে এলে সন্ধ্যার পর বসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারপরও কেন পরবর্তীতে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ হলো, তা তিনি বুঝতে পারছেন না। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পাত্রখোলা চা-বাগানে কোনো উত্তেজনা নেই। সমস্যার সমাধান হয়েছে।
