দুই দলকে সমান দেখছে বাংলাদেশ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:১২

আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আজ দুপুর ১২টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসযোগে কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সাকিব আল হাসান, লিটন দাসকে ছাড়াই লঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পরপরই এই সিরিজটা সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিন ম্যাচের সিরিজে দুই দলকেই সমান অবস্থায় দেখছেন মাশরাফি। গতকাল মিরপুর স্টেডিয়ামে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সাকিবকে মিস করলেও দলের সবার প্রতি আস্থা রাখতে হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়। র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও বিশ্বকাপ পারফরম্যান্সে দুই দলের অবস্থানে খুব পার্থক্য নেই। তাছাড়া বর্তমান অবস্থান হিসেবেও প্রায় সমান্তরালেই আছে দুই দল। বাংলাদেশের হেড কোচ নেই। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন। বোলিং, ব্যাটিং কোচও নেই। এখানে ভারপ্রাপ্তরা যাচ্ছেন। সাকিব-লিটনের মতো দুজন নির্ভরযোগ্য ক্রিকেটার নেই দলে। বিশ্বকাপ ব্যর্থতার চাপ আছে দলের মধ্যে।

টালমাটাল আছে শ্রীলঙ্কাও। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিতে চান দেশটির ক্রীড়ামন্ত্রী। পুরো কোচিং স্টাফ বদলাতে চান তিনি। এই সিরিজটাই হতে পারে হাথুরুর শেষ সিরিজ। তাই সুস্থির অবস্থায় নেই স্বাগতিকরাও।

তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের মতে, সিরিজে অভিজ্ঞতায় এগিয়ে থাকবে বাংলাদেশ। মাশরাফি সেই পথে হাঁটেননি। সিরিজে দুই দলের সম্ভাবনা নিয়ে গতকাল অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে মনে হয়, দুই দলই সমানভাবে থাকবে। যেহেতু তারা হোমে খেলছে। হোমে তারা সব সময় ভালো খেলে। একই সঙ্গে তাদের যে টিমটা আছে, তারা একসঙ্গে অনেক দিন ধরে খেলছে। তাদের জায়গা থেকে তারা ব্যালান্সড। আর ওদেরও বিশ্বকাপে ভালো কিছু স্মৃতি আছে, ইংল্যান্ডকে হারিয়েছে, কিছু ম্যাচ ওরা খুব ভালো খেলেছে। আর নিদাহাস ট্রফির পর থেকে একটা উত্তেজনা সব সময় কাজ করে অন ফিল্ড। এটাও কাউন্ট হয় অনেক সময়। সবকিছু মিলে আমার মনে হয়, কারো জন্যই সহজ হবে না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। তবে আমি বলব, দুইটা দলই সমানভাবে শুরু করবে।’

দল হিসেবে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চান মাশরাফি। শ্রীলঙ্কা সিরিজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, ‘যেহেতু আমাদের রেজাল্ট ভালো হয়নি বিশ্বকাপে, ওই জায়গাটায় আমাদেরও চিন্তার বিষয় আছে। আমাদের খুব বেশি চিন্তাভাবনা হয় এগুলো নিয়ে। আমাদের একটা সুযোগ আছে যে আবার পজিটিভ দিকে আসার। আশা করি সবার সেই মানসিকতা আছে। সেখানে ভালো খেলে আবার ঘুরে দাঁড়াতে পারব।’

বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন সাকিব। ৬০৬ রান ও ১১ উইকেট নিয়েছিলেন তিনি। পবিত্র হজব্রত পালনের জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। সাকিবকে হারানো বড়ো ক্ষতি উল্লেখ করে মাশরাফি গতকাল বলেছেন, ‘সাকিবের যেটা হচ্ছে, অবশ্যই সে বিশ্বকাপের অন্যতম সেরা পারফরমার। সম্ভবত সেরা পারফরমারও সে ছিল। তাকে ছাড়া অবশ্যই টিমের সব দিক সব সময় চিন্তা করতে হতো। এখন হয়তো একই জিনিস হবে। দুইটা দিকই চিন্তা করতে হবে। বড়ো ক্ষতি। আমার কাছে মনে হয়, এখন যারা আছে তাদের ওপরও আস্থা রাখতে হবে। এবং আশা করি, তারাও তাদের সেরাটা চেষ্টা করবে।’