ঘুরে দাঁড়াতে চান মাশরাফি

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

ক্যারিয়ার জুড়ে চোটের সঙ্গে লড়াই করেছেন। সাতটি অস্ত্রোপচারের বাধা জয় করে ২২ গজে ছুটেছেন। তবে বল হাতে এর চেয়ে দুঃসময় মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারে অতীতে আর আসেনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন তিনি। যদিও চোট নিয়েই বিশ্বকাপে খেলেছেন।

বিশ্বকাপের পরপরই আজ মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক ঝড়-ঝাপটা পাড়ি দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। এবারও বল হাতে ঘুরে দাঁড়াতে চান ডানহাতি এই পেসার। বিশ্বকাপের ব্যর্থতায় অনেক চাপ অনুভব না করলেও ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে নিজের জাতটা দেখিয়ে যেতে চান লড়াকু মাশরাফি।

গতকাল মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল- বিশ্বকাপের ব্যর্থতায় চাপ অনুভব করছেন কিনা?  মাশরাফি বলেছেন, ‘সত্যি করে বলতে আমি হতাশ। ভীষণ হতাশ। অনেকেই হয়ত বলবেন, এটা নিয়ে মন খারাপ না করতে, মাথা থেকে ঝেড়ে ফেলতে। তবে যদি বলি মন খারাপ হয়নি, এটাই হবে লজ্জার কথা। অবশ্যই মন খারাপ হয়েছে। আমার দুটি দায়িত্ব ছিল, অধিনায়ক আর পারফরমার হিসেবে। পারফরমার হিসেবে কিছুই করতে পারিনি। তবে আমার বিশ্বাস আছে, অতীতেও করেছি। এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।’

 বোলিংয়ে নিজের ব্যর্থতার কথা অকপটেই স্বীকার করেছেন ওয়ানডেতে দেশের শীর্ষ উইকেট শিকার মাশরাফি। গতকাল তিনি বলেছেন, ‘আমার জায়গাটা দল অবশ্যই ভোগান্তিতে ছিল। আমি যেহেতু নতুন বলে বোলিং করি। আমি যদি এই জায়গায় নতুন বলে দুই একটা ব্রেক থ্রু দিতে পারতাম তাহলে দলের পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

বিশ্বকাপের পর অবসর ভাবনা জানাবেন বলেছিলেন মাশরাফি। গতকাল সংবাদ সম্মেলনে তাই আবারও উঠে এসেছে তার বিদায়ের প্রসঙ্গটি। ওয়ানডে অধিনায়ক বলেছেন, এখনো সিদ্ধান্ত নেননি। তবে এটাই তার শেষ শ্রীলঙ্কা সফর।

আর অবসর নিয়ে এত প্রশ্নের জাল দেখে ক্ষিপ্ত নন মাশরাফি। বরং এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘সত্যি বলতে আমি বিব্রতও হইনি আর এটা নিয়ে হতাশও না। কারণ প্রত্যেকেই প্রত্যেকের কাজটাই করবে এটাই স্বাভাবিক। আমার কাছে মনে হয় এটাকে পেশাদারভাবে দেখা উচিত। আমি এভাবেই দেখি। আমার জায়গাটা সবসময় পরিষ্কার। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আমি নিজের সেরাটা পারফর্ম করতে পারিনি। অধিনায়ক হিসেবেও সেরাটা দিতে পারিনি। সবার প্রত্যাশা ছিল দল সেমিফাইনালে যাবে। আমরা সেখানেও ব্যর্থ। প্রশ্নগুলো আসতেই পারে। আমি এভাবেই দেখছি আসলে। এর বেশি ভাবার সুযোগও নেই।’