জয়ের ধারায় মোহামেডান

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে দারুণ উজ্জ্বল মোহামেডান। আগের ম্যাচে আবাহনীকে হারানোর পর এবার ৩-১ গোলে নোফেলকে হারিয়েছে।

জয়ের ধারা অব্যাহত রাখার কথা বলেছিলেন দলটির অস্ট্রেলিয়ান কোচ সিনলেন ব্রেন্ডেন লেন। তিনি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত মোহামেডান প্রথম পর্বে মাত্র ৬ পয়েন্ট পেয়েছিল। জয় ছিল কেবল একটি। মোহামেডান তার প্রশিক্ষণে ১৭ পয়েন্ট পেয়েছে। জিতেছে পাঁচটিতে।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে জয়ের সুবাদে ২১ খেলায় মোহামেডানের ২৩ পয়েন্ট। রেলিগেশনে পড়ার আতঙ্ক একেবারেই ক্ষীণ। গাণিতিক হিসাব যাই বলুক দৃশ্যত বেঁচে যাচ্ছে মোহামেডান। অস্ট্রেলিয়ান কোচ কাল খেলা শেষে জানান, তিনি তিন বেলা অনুশীলন করিয়েছেন। খেলোয়াড়রা সহযোগিতা করেছে।

মোহামেডানকে আলোচনায় এনে দিয়েছেন স্ট্রাইকার তকলিস। নয় ম্যাচ খেলে সাত গোল করেছেন তিনি। বিশেষ করে আবাহনীর বিপক্ষে দুর্দান্ত দুটি গোল আছে তার। আবাহনীর বিপক্ষে এমন স্মরণীয় জয়ের পর গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মোহামেডান গ্যালারিতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের দেখা মিলেছে।

গ্যালারি হতে তারেক নামের একজন দর্শক বলছিলেন, আবাহনীর বিপক্ষে দারুণ খেলেছে মোহামেডান। এমন খেলা খেললে আবার আমরা মাঠে ফিরব। কাল নোফেলের বিপক্ষেও তকলিস গোল করেছেন। অপর দুই গোল দেন মালির ফরোয়ার্ড সুলায়মান দিবাটে। নোফেলের আশরাফুল গোল করেন। প্রথম পর্বে নোফেল হারিয়েছিল মোহামেডানকে।