স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
সিলেটের সালমান খান এবং বাংলাদেশ আনসারের শাপলার শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শেষ হয়েছে ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট পুরুষ এককের ফাইনালে সিলেটের এ তরুণ সালমান ২-০ সেটে হারান গেলবারের চ্যাম্পিয়ন একই জেলার আরেক তরুন গৌরব সিংহকে। বিকাল পাঁচটায় এককের ফাইনালটি শুরু হয়। গৌরবকে হারাতে তেমন বেগ পেতে হয়নি সালমানকে।
এর আগে বাংলাদেশ আনসারের অন্যতম শার্টলার শাপলা মহিলা এককের ফাইনালে ২-০ সেটে বাংলাদেশ সেনাবাহিনীর এলিনাকে পরাজিত করেন। শাপলা খালেদকে জুটি করে মিশ্র দ্বৈতের ফাইনালে ২-১ সেটে পাবনা জেলার লালচান্দ-ঊর্মী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব মো. আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
