প্রিয়াঙ্কা গান্ধী আটক

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:২৮

ভারতে কংগ্রেস দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের সোনভদ্রে যাওয়ার পথে মির্জাপুরে প্রিয়াঙ্কার পথ আটকায় পুলিশ। প্রতিবাদে মির্জাপুরে অবস্থান ধর্মঘট করেন প্রিয়াঙ্কা গান্ধী। উল্লেখ্য, গত সপ্তাহেই জমি নিয়ে বিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে সোনভদ্র এলাকা। এর জেরে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়। শুক্রবার সকালে নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সে সময়ই তাকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের

কংগ্রেসের উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর স্থানীয় গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে কেন আটকানো হলো সেই নির্দেশ দেখতে চাই। চার জনের সঙ্গে আমি যেতে পারি। আমি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চাই। উল্লেখ্য, সোনভদ্রে যাওয়ার জন্য বুধবারই যোগী আদিত্যনাথের কাছে পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সোনভদ্রের ঘটনায় বৃহস্পতিবারই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। এদিকে সোনভদ্রের ঘটনায় নিহতরা বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।