স্কুলে শিক্ষার্থীদের প্রসাদ খাওয়ালো আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন। হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষ্যে সপ্তাহব্যাপী (ফুড ফর লাইফ) কর্মসূচির আড়ালে গত ১১ জুলাই থেকে নগরীর প্রায় ৩০টি স্কুলের শিক্ষার্থীর মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ইসকন কর্মীদের শেখানো মতে, কোমলমতি শিক্ষার্থীরা মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে। শ্লোক-মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিমসহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ বিতরণ করে সাম্প্র্রদায়িক উস্কানির পাঁয়তারা করছে উগ্রবাদী সংগঠন ইসকন। এদেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে এমন ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’ এর সকল কার্যক্রম নিষিদ্ধ করুন।
গতকাল বিভিন্ন গণমাধ্যমে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী কর্তৃক প্রেরিত বিবৃতিতে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী (দা.বা) উপরোক্ত কথাগুলো বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, ইসকন মুসলিম শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করে মুসলিম ধর্মীয় চেতনাবোধেও মারাত্মক আঘাত করেছে। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে এসব মন্ত্র মুখে উচ্চারণ করার কোনো প্রকারের বৈধতা নেই।
