ভারতের কর্ণাটকের বিধানসভায় গতকাল শুক্রবারও আস্থা ভোট হয়নি। বৃহস্পতিবার সারাদিন তো বটেই রাতেও কর্ণাটক বিধানসভায়ও চূড়ান্ত নাটক চলে। বিধানসভায়ই রাত কাটান বিজেপি বিধায়করা। সকালে বিধানসভা চত্বরেই মর্নিং ওয়াক করতেও দেখা যায় তাঁদের। বৃহস্পতিবারই কর্ণাটকের রাজ্যপাল বলেছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই আস্থা ভোট সম্পূর্ণ করতে হবে। কিন্তু তা হয়নি। শুক্রবার রাজ্যপাল ফের কুমারস্বামীকে নির্দেশিকা পাঠান যে শুক্রবারের মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করুন। কিন্তু কুমারস্বামী শুরু থেকেই বলে আসছেন, বিধানসভা বা স্পিকারের কাজে হস্তক্ষেপ করতে পারেন না রাজ্যপাল। তাই তাঁর নির্দেশ না মেনে এখনো আস্থা ভোট হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী কুমারস্বামী রাজ্যপালের চিঠিকে কটাক্ষ করে বলেছেন, দ্বিতীয় প্রেমপত্রে আঘাত পেয়েছি। পাশাপাশি স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি মেনে নেবেন বলেও জানিয়েছেন। -আনন্দবাজার পত্রিকা
