চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গত ৪ জুলাই সমাবেশের জন্য নগর পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল।
বিএনপি নেতা কামরুল ইসলাম বলেন, নগরীর লালদীঘির পাড়ের জেলা পরিষদ চত্বর অথবা কাজির দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়। তবে লালদীঘিতে বৃক্ষমেলা চলায় বিএনপি অফিসে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে।
