নাহিদকে নিয়ে উইলিয়ামসের খোঁচার জবাব দিলেন শান্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৬:২০

মাঠের লড়াইয়ের আগেই কথার শুরু হয়ে গেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের মাঝে। শুরুটা করেছেন জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামস। টাইগার পেসার নাহিদকে খোঁচা মেরে বলেছিলেন বোলিং মেশিনে এরচেয়ে জোরে বলে খেলে এখন ব্যাটাররা, কাজে নাহিদকে নিয়ে আলাদা চিন্তার কারণ নেই।

উইলিয়ামসের খোঁচার জবাব দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে দু'দল। ম্যাচের আগে শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন শান্ত। 

এ সময় টাইগার অধিনায়ক বলেন, 'ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন আপনি তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং কতটা এক্সট্রাডিনারি।'

নাহিদকে জোরে বল করতে হবে জানিয়ে টাইগার অধিনায়ক আরও বলেন, 'ওকে (নাহিদ) আমি অনেক আগে থেকে চিনি। আমার বিভাগ থেকে জাতীয় লিগ খেলছে। যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতে তখন থেকেই চিনি কাজেই তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই বার্তাটা পরিষ্কার।'

ইত্তেফাক/জেডএইচ