স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা এ বছরের জানুয়ারি থেকেই তার দখলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেই রেকর্ডটা গড়েন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে যেটি ছিল তার ৪৭তম সেঞ্চুরি। তাতে নাঈম ইসলামের ৪৬ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলেন তিনি। আর মঙ্গলবার তো দেশের ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন আরও উচ্চতায়। স্বীকৃত ক্রিকেটে গড়েছেন সে সেঞ্চুরির ফিফটি যা দেশের ক্রিকেটে প্রথম। ৫০ সেঞ্চুরির মধ্যে বিজয় ২৪টি পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট 'এ' ক্রিকেটে তার সেঞ্চুরি ২৩টি, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি।
এর আগে গেল ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ ফেসবুক পেজে একটি পোস্ট করেন এনামুল হক বিজয়। সেখানে দেখা যায়, ১১ বছর আগে তিনি তার ডায়রিতে লিখেছিলেন যে, '২০২৫ সাল শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা'। সেই লেখাকেই বাস্তবে রূপ দিয়েছেন গতকাল। গেল ২৫ মার্চ ৪৯তম সেঞ্চুরিটা পেয়েছিলেন এনামুল। অপেক্ষা ছিল সেঞ্চুরির ফিফটি করার। সেটাও লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে পেয়েছেন, এ সময় কান্নায় আপ্লুত হয়ে পড়েছিলেন বিজয়। পরে ম্যাচ শেষে স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া নিয়ে আবেগী কণ্ঠে এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, 'স্বপ্ন পূরণ হয়েছে। এখন আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করব, আর কী অর্জন করা যায়। কিন্তু সত্য বলতে এই মাইলফলকের অর্ধেক সেঞ্চুরি যদি জাতীয় দলের হয়ে করতে পারতাম আরও বেশি ভালো লাগত।'
গতকাল সুপার লিগের ম্যাচে বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে লিজেন্ড অব রূপগঞ্জ ২২৩ রান তুলতেই হয় অলআউট। যা তাড়ায় অধিনায়ক এনামুল হক বিজয়ের ইতিহাস গড়া ইনিংসে ৯ ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় গাজী গ্রুপ স্পোর্টস। ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হন অধিনায়ক এনামুল হক বিজয়। মাইলফলক সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে পেয়ে যান ৫০তম সেঞ্চুরি।
ম্যাচ শেষে কীর্তি গড়ায় ড্রেসিং রুমের সামনে বাউন্ডারি লাইনে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন সম্মাননাও। পরে এমন ইনিংস খেলার অনুভূতি জানিয়ে বিজয় বলেন, 'অবশ্যই বিশেষ দিন। দলকে জেতানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা সব সময় করি। মাঝে মধ্যে ব্যর্থ হলে অনেক আজেবাজে কথা শুনি তবে এগুলোকে বাদ দিয়ে এগোতে চেষ্টা করি। কিন্তু আসলে এর মধ্যে এইরকম খেলা কষ্টসাধ্য। কিন্তু আমি চেষ্টার কমতি রাখি না।'
ডিপিএলের সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে গুলশান ক্লাবের বিপক্ষে হেরেছিল এনামুল হক বিজয়ের দল। তারা এ পর্বের তৃতীয় রাউন্ডের খেলায় আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে।
