ঢাকায় ওবায়দুল কাদেরের ভাগিনা গ্রেপ্তার, গাজীপুরে মিষ্টি বিতরণ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। সবশেষ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আলী হায়দার রতনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে পালিয়ে ছিলেন আলী হায়দার। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ, জুলাই আন্দোলনে ২টি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তিনি শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক  সাধারণ সম্পাদক মরহুম মোস্তাফিজুর রহমান বুলবুলের মেয়ের জামাতা ও শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন এলাকায় প্রতিষ্ঠিত ‘ইনফ্রাটেক কনস্ট্রাকশনের’ মালিক। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে স্থানীয় কৃষকদের জমি জবর দখলের অভিযোগ রয়েছে। তাই আলী হায়দারকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় কৃষকরা।

ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, গ্রেপ্তার আলী হায়দারের বিরুদ্ধে দুটি হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড়বাড়ি চর গ্রামে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এপি