সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, রাতভর লাশে ঝাড়ফুঁক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৯

দিনাজপুরের খানসামায় নিজের পোষা গোখরা সাপের দংশনে শাকিল ইসলাম (৩১) নামের সাপুড়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাকে ফের জাগিয়ে তোলার আশায় রাতভর তার মরদেহ বাড়িতে রেখে ওঝা ডেকে করা হয়েছে ঝাড়ফুঁক। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সবশেষ বুধবার (২৩ এপ্রিল) শাকিলকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়া এলাকায় ওই ব্যক্তি তার নিজ বাড়িতে দংশনের শিকার হন।

ওই দিন সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়ি নিয়ে রাতভর ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিল পেশায় একজন সাপুড়ে ছিলেন। বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে পালতে শুরু করেন। সেই সাপই মঙ্গলবার দুপুরে শাকিলের শরীরে কামড় বসিয়ে দেয়। বিষযটি প্রথমে শাকিল গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একজন অভিজ্ঞ কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

এরপর তার মরদেহ বাড়িতে এনে ওঝা ও কবিরাজ ডেকে রাতভর ঝাড়ফুঁক করেন বাড়ির লোকজন। এসময় অন্তত ৭ থেকে ৮শ’ মানুষ ঝাড়ফুঁক দেখতে জড়ো হয়। সবশেষ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, শাকিলকে বহু বছর ধরে চিনি। সে মাহানগিরি (সাপুড়ে) করতেন। অনেকবার তাকে সাপ নিয়েও খেলা করতে দেখেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই সাপ খেলায় শাকিলের প্রাণ গেছে। সবশেষ মঙ্গলবার রাত ২টা পর্যন্ত শুনেছি তারা ঝাড়ফুঁক করেছে।

ইত্তেফাক/এপি