সাম্যের গান গাই

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৩৮

 

ব্রত রায়

 

সাম্যের গান গাহিয়াছিলেন প্রিয় কবি নজরুল

যারা বলে আজও সাম্য আসেনি, জানে না কথাটা ভুল!

সাম্য এসেছে—আনিয়াছে কারা? আনিয়াছে ফেসবুক

ফেসবুক মানে বিভেদ ভুলিয়া সমান হওয়ার সুখ!

 

এইখানে হলো বন্ধু সকলে—ধনী আর নির্ধন

আইডি খুলিতে অর্থকড়ির হয় নাকো প্রয়োজন!

কিংবা লাগে না কোনো প্রকারের শিক্ষার যোগ্যতা

বাধা হইবে না নাম কী তোমার, কিংবা নিবাস কোথা!

 

ঠিক পরিচয় লুকাইয়া কেহ ফেক আইডিও গড়ে

লিখেছে ‘ঢাবির ছাত্র’ হয়তো আজও ইস্কুলে পড়ে!

পুরুষ-রমণী নাই ভেদাভেদ, নাই কোনো উঁচু-নিচু

মতের অমিল হয়তো কোথাও রয়ে গেছে কিছু কিছু!

 

কেউ কাহারেও বলে না এখানে তুই বেটা চাষা, কুলি

যাহা হইবার লিখে লিখে হয়—ছোড়ে না কামান-গুলি!

বন্ধু সকলে—আলিগ-জামাত, কর্মচারী ও বস্

ফ্রেন্ডশিপ থেকে লাভ হয়ে যায়, লাভ হয়, নয় লস্!

 

বন্ধু সবাই বার্সা-রিয়াল, শ্বশুর-জামাতা আজ

বন্ধু বানানো দুই জাহানের অশেষ নেকির কাজ!

বন্ধু সকলে—কালো আর ধলো, আস্তিক-নাস্তিক

বন্ধুরা আছে এখানে-ওখানে—বন্ধু চতুর্দিক!

 

ফেসবুকে শুধু সাম্য রয়েছে—বন্ধু বলিনি ঝুট!

এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট!