অফিস এবং জাপানি ঘুম

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৩৮

 

সাঈদ সাহেদুল ইসলাম

 

কুতুব আলি পড়ল খবর,

করল শুরু ও নাচ,

কেউ অফিসে ঘুমিয়ে গেলে

তাহার নাকি ভাগ্যে মেলে

(এই দেশে নয়, তা জাপানে)

বেতনসহ বোনাস!

 

কুতুব আলি যায় অফিসে

দশটা বাজে যখন,

মেদ বেড়েছে তাহার পেটের

ঘুমিয়ে গেল পায়নি সে টের

নেই মনে তার জোহর পারে

তিনটে বাজে কখন?

 

ব্যস্ত ঘুমে, কাজ করে নাই

পায়নি কুতুব চেতন,

বস্ এসে তার কক্ষে ডাকে

তখনো তার শব্দ নাকে

ঘুমের অপরাধ থেকে তার

বন্ধ বোনাস, বেতন!

 

কুতুব আলি বুঝল না তো

এ দেশটা নয় জাপান।

অফিস গিয়ে ঘুমায় বলে

যায় কুতুবের চাকরি চলে

ঘুম তাড়াতে তাই সে কুতুব

খাচ্ছে এখন চা, পান।