দর্শককে মারতে যাওয়ার কারণ জানালেন খুশদিল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৩১

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের এক ম্যাচে খেলা শেষে এক দর্শককে মারতে গিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। ঘটনার ৩ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এবার এই বিষয়ে মুখ খুললেন তিনি। জানিয়েছেন, পরিবার এবং দেশের প্রতি অসম্মান মেনে নিতে না পেরে এমনটা করেছিলেন তিনি।

গত কয়েক মাস ধরেই খারাপ সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই জয়ের জন্য মুখিয়ে ছিল মেন ইন গ্রিনরা। অনেক কাঠখড় পুড়িয়ে নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও নামের সুবিচার করতে পারেননি রিজওয়ানবাহিনী।

ঘরের মাঠে কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করার পর নিউজিল্যান্ড সফরে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল পাকিস্তান। তবে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ১টিতে হার এড়ালেও ওয়ানডেতে হোয়াইটওয়াশের তিক্ততা নিয়েই দেশে ফিরতে হচ্ছে মেন ইন গ্রিনদের। সব মিলিয়ে মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারছেন না পাক ক্রিকেটাররা।

এর প্রভাব দেখা গেছে মাঠেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দিনে গ্যালারিতে থাকা এক সমর্থককে পেটাতে তেড়ে গিয়েছিলেন খুশদিল শাহ। নিরাপত্তাকর্মী এবং সতীর্থদের হস্তক্ষেপে অবশ্য থামানো গিয়েছিল তাকে। 

ঘটনার সূত্রপাত ম্যাচের একদম শেষে। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছিল ড্রেসিংরুমের দিকে। সেসময় মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। আর সেটা একেবারেই ভালোভাবে নেননি খুশদিল। 

মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়।

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুজন আফগান নাগরিক পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি। তবে এবার নিজের মুখে এ বিষয়ে কথা বললেন খুশদিল।

পাক এই ক্রিকেটার বলেন, ‘দর্শক যে কথা বলেছিল, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য। আমি বছরের পর বছর ধরে এমন অপমান সহ্য করে আসছি। কিন্তু এগুলো যখন আমার দেশ বা মা–বাবার উদ্দেশে করা হয়, আমি তো আর চুপ থাকতে পারি না।’

‘সেদিন আমি ব্যক্তিগত অপমান সহ্য করে গেছি। কিন্তু আমার জাতি আর পরিবারের প্রতি অশ্রদ্ধা সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনটা যদি আবারও ঘটে, আমি একই রকম প্রতিক্রিয়া দেখাব,' তিনি যোগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনেক বিশ্লেষকদের কাছে বেশ প্রিয় সমালোচনার বিষয় খুশদিল। প্রায়ই তাকে নিয়ে এমন দাবি করা হয় যে, পক্ষপাতের কারণে দলে সুযোগ পেয়ে থাকেন তিনি। এবার এই অভিযোগ উড়িয়ে দিলেন পাক ক্রিকেটার।

এ প্রসঙ্গে খুশদিল বলেন, ‘ছয় বছরে আমাকে তিন বা চারবার (বাদ পড়ার পর) দলে জায়গা করতে হয়েছে। কখনো কখনো আমাকে দ্বাদশ খেলোয়াড় করা হয়। কিন্তু আমি আমার ছন্দে থাকা নিয়ে সব সময় কাজ করি, যাতে করে সুযোগ পেলেই দলকে কিছু দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই সমালোচনার মুখে পড়ি। আমার পাশে যদি কেউ থাকত, তাহলে মানুষ আমাকে নিয়ে এসব করত না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কতটা জানে?’

ইত্তেফাক/এএম