বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এন্দ্রিক। বয়স বিবেচনায় শুরুটা খুব একটা খারাপ করেননি এই ব্রাজিলিয়ান। তবে এতে মন ভরছে না রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। সর্বশেষ গেতাফের বিপক্ষেও গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন এন্দ্রিক। এতেই বেশ চটেছেন রিয়াল কোচ।
গেতাফের বুপক্ষে ম্যাচে দুটি গোলের সুযোগ ছিল এন্দ্রিকের সামনে। ৫৫ মিনিটে দ্বিতীয় সুযোগটি আসে। সামনে শুধু গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। কিন্তু সেই সুযোগে এন্দ্রিক চিপ করে গোল দেওয়ার চেষ্টা করেন, যা সরাসরি গোলরক্ষকের হাতে গিয়ে পড়ে। এতে বেশ চটেছেন আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘তার (এন্দ্রিক) দুটি সুযোগ ছিল। প্রথমটায় সে ভালো করেছিল। কিন্তু দ্বিতীয়টায় যদিও অফসাইড ছিল কিনা তা বোঝা যায়নি, ওর এমনটা করা উচিত হয়নি।’
নাটক না করে এন্দ্রিককে খেলায় মনোযোগ দিতে বলেন আনচেলত্তি। রিয়াল বস বলেন, ‘সে তরুণ, শেখার সময় তার। তবে যতটা ভালো সম্ভব, ততটাই জোরে শট নিতে হবে। নাটক করার দরকার নেই। ফুটবলে ‘ড্রামা ক্লাবের’ কোনো জায়গা নেই।’
