গাইবান্ধায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পত্রিকার হকার নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০:৩৪

গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনিস মিয়া ওরফে ঠাণ্ডা (৩৭) নামে এক পত্রিকার হকার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত আনিস সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি দিনে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকা বিক্রি করতেন। এবং রাতে ব্যাটারিচালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
  
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় কয়েকজন যাত্রী জেলা স্টেডিয়াম এলাকায় যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে পড়ে। এরপর শুক্রবার ভোরে এক পথচারী ওই এলাকায় সড়কের উপর আনিসকে পেটের নাড়িভুঁড়ি বের হওয়া রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থা আরও অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি সেখানে মারা যান। 

গাইবান্ধার পত্রিকার এজেন্ট ‘পত্রিকা বিতান’-এর স্বত্তাধিকারী আব্দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই যাত্রীবেশী ছিনতাইকারীরা আনিসের পেটে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে অটোবাইকটি নিয়ে সটকে পরেছে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুল হক তালুকদার জানান, আনিস নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসএএস