মো. শহীদুর রহমান, সাবেক সহকারী শিক্ষক
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়
লালমনিরহাট
শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তুলে ধরছি। আশা করি, প্রতিবেদনটি তোমাদের উপকারে আসবে।
ক) তোমার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ তুলে ধরে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর।
উত্তর: ক)
তারিখ: ১ জুলাই, ২০১৯।
বরাবর
প্রধান শিক্ষক
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়।
কাকিনা, লালমনিরহাট।
জনাব,
আপনার দেয় স্মারক নং কাউবি- ১১/৮৭ (সাধারণ) ২০১৯, তাং ২৩/৬/২০১৯ মোতাবেক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর একটি সচিত্র প্রতিবেদন আপনার সদয় অবগতির নিমিত্তে নিম্নে পেশ করছি।
‘কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন’
গত ২২ জুন, ২০১৯ শনিবার দিনব্যাপী এক জমকালো ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা তথা দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২০১৯ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ রবিউল হাসান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান আশা।
দিনভর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে চারপাশের পরিবেশ ছিল মুখরিত। ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টসমূহ ছিল উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, দণ্ডযোগে লম্ফ, দৌড়, ঝাঁপ, লৌহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ভারোত্তোলন, সাইকেল রেস ইত্যাদি। এছাড়াও আমন্ত্রিত দর্শক ও অতিথিবৃন্দের জন্য নানা চোখ-ধাঁধানো খেলাধুলারও আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতাসমূহ সকাল ৯টায় শুরু হয়ে চলে একটানা ৪টা পর্যন্ত।
এরপর অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে বিকেল ৫টায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লীগীতি, লালনগীতি, আধুনিক গান ও ভাওয়াইয়া।
এর আগে বিতর্ক প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তিরও আয়োজন করা হয়।
সমগ্র অনুষ্ঠান ছিল দেখার মতো। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উত্সাহ পরিলক্ষিত হয়। দর্শকদের উপস্থিতি এবং দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করে সকলে হয়েছেন পুলকিত।
কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে সুসম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান।
মো. মিজানুর রহমান
প্রতিবেদক, দশম শ্রেণি
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
