কোপা দেল রের ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি করে রিয়াল মাদ্রিদ। এটাকে কেন্দ্র করে ফাইনালের আগের দিনের সব আনুষ্ঠানিককতা বর্জনে করে লস ব্লাঙ্কোরা। এমন পরিস্থিতিতে উত্তাল ছিল স্প্যানিশ ফুটবল। ফাইনালের আগের দিনে এমন কর্মকাণ্ডের জন্য রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কড়া সমালোচনা করেছে লা লিগা সভাপতি ও আরএফইএফ সহ-সভাপতি হ্যাভিয়ের তেবাস।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ পেরেজের নাম উল্লেখ না করেই তীব্র ভাষায় আক্রমণ করেন লা লিগা সভাপতি। তিনি লেখেন, 'এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি শেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের শেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, শেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রিয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চায় না, কারণ তিনি যা চান, এটা তা নয়।'
লা লিগা প্রধান আরও লেখেন, 'আর এখন রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর, তিনি (পেরেজ) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন: তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।'
পেরেজ অভিযোগ না করে হুমকি দেন জানিয়ে তেবাস লেখেন, 'তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন… তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।'
