রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুরস্ক অঞ্চল মুক্ত করতে উত্তর কোরিয়ার সেনাদের অবদানের প্রশংসা করেছেন। তিনি অভিযানের সময় তাদের 'স্থিতিস্থাপকতা এবং বীরত্বের' কথা উল্লেখ করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি প্রতিবেদন উত্থাপনের সময় গেরাসিমভ বলেন, কুর্স্ক অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থিতিস্থাপকতা এবং বীরত্ব প্রদর্শন করেছে।
পুতিন ঘোষণা করেছেন, রাশিয়ান সেনাবাহিনী এখন ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে সীমান্ত অঞ্চলটি সম্পূর্ণরূপে মুক্ত করেছে।
জেনারেল স্টাফ প্রধান গেরাসিমভের মতে, গত বছরের আগস্টে শুরু হওয়া কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশের সময় ইউক্রেনের বাহিনীর ৭৬ হাজারের বেশি সদস্য হতাহতের শিকার হয়েছে।
শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা আরও বলেন, রাশিয়ান সেনারা বর্তমানে মুক্ত এলাকাগুলোতে লুকিয়ে থাকা যেকোনো ইউক্রেনীয় বাহিনীকে খুঁজে বের করার জন্য অভিযান পরিচালনা করছে। মস্কোর বাহিনী ইউক্রেনীয় সুমি এলাকায় একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার জন্যও কাজ করছে, যেখানে তারা চারটি বসতি এবং ৯০ বর্গকিলোমিটারেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করে। ইতোমধ্যে কুরস্ক অঞ্চলের ১৯টি বসতি মাইনমুক্ত করা হয়েছে।
