ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের (৪৫) মৃত্যু হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটির ঢাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
নিহত সাইদুর রহমান বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী সাইদ অফিসের কাজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাইদুর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
