অপহরণের ৫ বছর পর বাবা-মায়ের কাছে ফিরল সামাউন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের তৎপরতায় অপহরণের ৫ বছর পর বাবা-মায়ের কোলে ফিরেছেন সামাউন আলী (২০) নামে এক স্কুলছাত্র। তার চাচাতো ভাই চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করেছিল বলে পরিবারের অভিযোগ।

শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে অপহরণকারীরা তাকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ছেড়ে যায়। সেখান থেকে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে। শনিবার বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। 

উদ্ধার হওয়া স্কুলছাত্র সামাউন আলী উপজেলার ভানোর ইউনিয়নের গোগবস্তি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে নবম শ্রেণির ছাত্র সামাউন আলী (২০) কে ঢাকায় নিয়ে যান তারই চাচাতো ভাই জমিরুল ইসলাম ওরফে মিঠুন। ঢাকা নিয়ে যাওয়ার কিছুদিন পর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে। এরপর সামাউনের বাবা একাধিকবার ছেলেকে ফেরত চান মিঠুনের কাছে। মিঠুন ছেলেকে ফেরত পাঠানোর কথা বলে কয়েক দফায় টাকাও নিয়েছেন সামাউনের বাবার কাছে। কিন্তু ছেলেকে ফেরত দেয়নি। 

দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজ করার ব্যর্থ চেষ্টা করে ৭ মাস আগে ঠাকুরগাঁও আদালতে সামাউনের চাচা আব্দুল খালেক ও তার ছেলে জমিরুল ইসলাম ওরফে মিঠুনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে সামাউনকে উদ্ধারের নির্দেশ দেন।

উদ্ধার হওয়া সামাউন আলী জানান, নরসিংদি জেলার কোনো এক গুদামে নিয়ে তাকে রাখা হয়েছিল। কাজ করতো সে, বেতন তুলে নিতেন অন্য কেউ। কিছুদিন এভাবে চলার পর সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপরে কোথায় ছিলেন, কি করছিলেন, কিছুই বলতে পারছিলাম না। তবে তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন। 

সামাউনের বাবা আব্দুস সোবহান বলেন, স্থানীয়ভাবে সালিস বসিয়ে একাধিকবার ছেলেকে ফেরতে চেয়েছি। মামলার আসামিরা কোনো কথা শুনেনি। গ্রামবাসীর পরামর্শে মামলা করার পর পুলিশ যখন আসামিদের ধরতে চাইল, তখন তারা ছেলেকে ফেরত দিলো। ছেলেকে ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ দেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর মামলাটি তদন্ত শুরু করি। পুলিশের তৎপরতা অপহরণকারীরা বুঝতে পেরে ছেলেটিকে ঘটনাস্থলে ছেড়ে পালিয়েছে। শনিবার বিকালে আমরা আইনি প্রক্রিয়া শেষে ছেলেটিকে পরিবারের নিকট হস্তান্তর করি।  

এদিকে সামাউন আলী ফিরে আসার খবরে গ্রামবাসী একনজর তাকে দেখতে বালিয়াডাঙ্গী থানায় এসে ভিড় করতে দেখা গেছে।

ইত্তেফাক/এমএএস